
নালিতাবাড়ী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গারো বাজার এলাকা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ মধুটিলা ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ মে) সাপটি উদ্ধার করে দুপুরে পার্ক এলাকায় অবমুক্ত করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, বাতকুচি গারো বাজারের পাহাড়ি এলাকায় স্থানীয়রা একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান। পরে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বস্তাবন্দি করেন।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১৩ থেকে ১৫ কেজি হতে পারে। পরবর্তীতে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সাপটিকে মধুটিলা ইকো পার্ক এলাকায় অবমুক্ত করা হয়।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। আর তা সম্ভব বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে। বন বিভাগের কর্মীরা সবসময় সতর্ক থাকেন, যাতে কেউ অকারণে বন্যপ্রাণী হত্যা না করে এবং উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে।”
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বন্যপ্রাণী যথাযথভাবে সংরক্ষণ ও নিরাপদ স্থানে অবমুক্ত করতে বন বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।