
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ ফাউন্ডেশন।
সংগঠনটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে চরগোরকপুর এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
চরগোরকপুর এলাকার মানবিক ও সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত ইনসাফ ফাউন্ডেশন নিজস্ব অর্থায়ন ও স্থানীয় সহযোগিতায় এসব ঈদ সামগ্রীর প্যাকেট প্রস্তুত করে।
প্রতিটি প্যাকেটে চাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনটির দায়িত্বশীলরা জানান, ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে—এই চিন্তা থেকেই তাদের এই মানবিক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগাভাগি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। এতে ঈদের প্রস্তুতি সহজ হয়েছে এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও ইনসাফ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের নেতৃত্বে পরিচালিত এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
এ বিষয়ে ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক সুজন বলেন,
“আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ অসহায় পরিবারের সঙ্গে ভাগাভাগি করার। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”