1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রুমায় নির্মাণের এক বছরের মাথায় ভাঙন, নতুন সড়ক প্রকল্পেও প্রশ্ন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : সরকারি অর্থে নির্মিত নতুন সড়কে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই কোথাও উঠে যাচ্ছে পিচঢালা রাস্তা, কোথাও দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং যথাযথ তদারকির অভাবে বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘পাহাড়ে স্থানীয় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নির্মিত ও নির্মাণাধীন কয়েকটি সড়কের কাজ নিয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সচেতন মহলে ব্যাপক অসন্তোষ রয়েছে।
নির্মাণাধীন সড়কগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে রুমা-রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে।

এলজিইডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটির আওতায় ১ কিলোমিটার ৫০ মিটার থেকে ২ কিলোমিটার ৩৫০ মিটার পর্যন্ত মোট ১ কিলোমিটার ৩০০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ছয়টি স্থানে ৭৫ মিটার দৈর্ঘ্যের রিটেইনিং ওয়াল নির্মাণের কাজও রয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৬১০ টাকা।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষিত যুবসমাজের প্রতিনিধি ছোহ্লামং মারমা, এবাই মং মারমা এবং উক্য থোয়াই মারমা অভিযোগ করেন, ২০২১-২২ অর্থবছরে একই সড়কের প্রথম ধাপের প্রায় ১ হাজার ৫০ মিটার পিচঢালাইয়ের কাজ ২০২৪ সালে শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যায়। বর্তমানে ওই অংশ প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করেই বাকি অংশে নতুন নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তাদের দাবি, নির্মাণাধীন সড়কের প্রটেকশন ও রিটেইনিং ওয়ালে নিম্নমানের পাহাড়ি বালি ব্যবহার করা হয়েছে। সাববেইস ও মেকাডমের কাজেও মানসম্মত ইটের খোয়া ও বালুর পরিবর্তে পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে। এমনকি রাত ১০টা থেকে ১১টার দিকে প্রটেকশন ওয়ালে ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. হানিফ বলেন, আমাকে বলে লাভ নেই, পারলে নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
সরেজমিন পরিদর্শনের সময় নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির ফিল্ড অফিসার (এসও) বিদ্যুৎ চরণ ধর সজিবকে নির্মাণস্থলে পাওয়া যায়নি। পরে পাইন্দু পাড়ার একটি চায়ের দোকানে তার সঙ্গে কথা হলে তিনি জানান, ঠিকাদারের কাজ ও ব্যবহৃত নির্মাণসামগ্রী নিয়ে জেলা কার্যালয়ে অভিযোগ পাঠানো হয়েছে। ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নির্দেশনা মানছেন না বলে দাবি করেন তিনি।

পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গংবাসে মারমা বলেন, এখানে যে কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। ব্যবহৃত ইটের মানও ভালো নয়। আমি বাধা দিলেও আমার কথা শোনা হয়নি। রাতে মাটিসহ ঢালাই দিয়ে সাইট ওয়ালের কাজ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা অংবাইমং বলেন, আগে যে অংশে কাজ হয়েছিল তা এক বছরের মধ্যেই ধসে পড়ে। বর্তমানে যে কাজ চলছে, একদিকে নির্মাণ করা হলে অন্যদিকে ভাঙন দেখা দিচ্ছে।
চাঁদের গাড়িচালক উক্যথোয়াই মারমা বলেন, আমি দুই বছর ধরে এ সড়কে গাড়ি চালাই। রাস্তার মান ভালো নয়। চলাচলে কষ্ট হয়, দুর্ঘটনার ঝুঁকিও থাকে।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, আমি অনেক চেষ্টা করে এলজিইডির মাধ্যমে এ রাস্তা এনেছি। প্রথম ধাপের রাস্তা এক বছরের মধ্যেই ভেঙে গেছে। দ্বিতীয় ধাপের কাজ নিয়েও এলাকাবাসীর অভিযোগ রয়েছে। নিম্নমানের ইট, রড ও নদীর বালি ব্যবহার করা হচ্ছে বলে শুনেছি। বিষয়টি এলজিইডিকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মো. আনিছুর রহমান মেহেদী বলেন, এলজিইডি অফিস থেকে আমাকে মৌখিকভাবে কিছু অভিযোগের কথা বলা হয়েছে। অফিস তদন্ত করবে। যদি কোথাও ত্রুটি পাওয়া যায়, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, রাস্তা নির্মাণের পর কিছু অংশে ভাঙন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। কোনো রাস্তা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী বরাদ্দ এলে তা মেরামত করা হবে। এছাড়া ঠিকাদারের এক বছরের জামানত রয়েছে, প্রয়োজনে সেই অর্থ থেকেও মেরামত করা হবে।

সড়কগুলোর তদারকি ও পরিদর্শন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব সড়ক আমি নিজে পরিদর্শন করিনি। সাধারণত একটি সড়কের স্থায়িত্ব চার থেকে পাঁচ বছর হয়। এরপর সরকারি অর্থায়নে সংস্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com