
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা দুইটার দিকে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মানহা ওই মহল্লার মস্তুফা আহমেদের নাতনী।
পারিবারিক সূত্র জানায়, মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকতো মানহা মনী। নানা মস্তুফা আহমেদ তন্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নানার সাথে বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুপুরে বাদাম খাওয়ার একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে সে। পরে মানহা ছটফট শুরু করলে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মানহা।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।