
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই আমাদের আত্মত্যাগ, সাহস, প্রতিবাদ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার এক স্মরণীয় অধ্যায়। যারা ন্যায়, অধিকার ও একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে রাজপথে নেমেছিলেন এবং জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “জুলাই আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে। শহীদদের রক্তের ঋণ শুধু স্মরণে নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই পরিশোধ করা সম্ভব।”
বিবৃতিতে গোলাম কিবরিয়া জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের আদর্শ বাস্তবায়নের তাওফিক কামনা করেন।