
নকলা, শেরপুর: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিআরডিবির সুফলভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিআরডিবির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে বিআরডিবির সফল সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এর পর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১৮’শ জন কৃষকদের মাঝে প্রণোদনার গ্রীষ্মকালীন বীজ, সার ও ২০ জন কৃষকেরর মাঝে লেবুর চারা এবং জৈব সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি।