
ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনজন ভিক্ষুকের মাঝে দোকানের জন্য মনিহারি পণ্য এবং একজনের হাতে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপকারভোগীরা হলেন উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামের হযরত আলী, গান্ধীগাঁও এলাকার আইয়ুব আলী ও হলদিগ্রাম গ্রামের রনি মিয়া। এছাড়া নুরুজ্জামান মিয়ার হাতে তুলে দেওয়া হয় একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী জানান, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় একজনকে ব্যাটারিচালিত অটোরিকশা এবং তিনজনকে দোকানের জন্য মনিহারি পণ্য দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, সরকারের লক্ষ্য অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। এ ধরনের উদ্যোগ তাদের আত্মসম্মান ফিরিয়ে এনে মর্যাদার সঙ্গে জীবনযাপনে সহায়ক হবে।