
বান্দরবান : বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেমুঝিড়ি এলাকার বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর থানা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং এরপর থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন। বুধবার সন্ধ্যায় মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লেমুঝিড়ি পাড়ার গ্রাম পুলিশ সদস্য মো. ইউসুফ জানান, বুধবার সন্ধ্যায় আবু তাহের পায়ে হেঁটে তংপ্রুপাড়া ও লেমুঝিড়ি আগাপাড়া হয়ে বান্দরবান শহরের দিকে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় যুবকেরা বন্যার পানিতে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, আবু তাহের আগে একবার স্ট্রোক করেছিলেন। ফলে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং সাঁতারও জানতেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, পরিবারের ধারণা, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে পড়ে আবু তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।