
শ্রীবরদী (শেরপুর): টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৭০টি পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে।
বন্যার কারণে গ্রামের নিচু এলাকার বসতবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যায়। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। নিরাপদ পানীয় পানি, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চক্রপুর গ্রামে যান শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন। তারা পানিবন্দি পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পর্যবেক্ষণ করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী পেয়ে বন্যাকবলিত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা শাকিল তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।
স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী গ্রামগুলোতে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।