
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুজন ট্যালেন্টপুল এবং তিনজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
রোববার ১২ (জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এই তথ্য জানা যায়।
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফকিরপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে নোশিন নাওয়াল এবং মোফাজ্জল হোসেনের মেয়ে মোহনা খাতুন।
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ফকিরপাড়া গ্রামের হাফিজুর রহমান (কালু)-এর মেয়ে হাজবিয়া খাতুন, ফকিরপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে তাওহিদাত জাহান রিভা এবং বেনীরগোপ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাইশা আক্তার।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫ জন উত্তীর্ণ হয়। এ পাঁচ শিক্ষার্থীর সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন।
ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের এ সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, তাদের পরিশ্রম ও শিক্ষার্থীদের চেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। সকলের প্রতি শুভকামনা জানিয়ে সুন্দর আগামীর জন্য দোয়া করেন তিনি।