
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।