
বান্দরবান : রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করার অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনসহ তিনজন ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার। অভিযোগ রয়েছে, তারা এই অবৈধ কার্যক্রমে সহযোগিতার বিনিময়ে নগদ অর্থ গ্রহণ করেছেন।
গত রবিবার (১২ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জিয়াউর রহমানের স্বাক্ষরিত আলাদা আলাদা চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন- আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকের হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাছির উদ্দিন-এর বিরুদ্ধে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয় সংক্রান্ত ভুয়া ও অসংগতিপূর্ণ কাগজপত্র সৃজনে প্রত্যক্ষ সহযোগিতা, অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা প্রদান এবং এ মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
যেহেতু, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাছির উদ্দিন এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
সেহেতু, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাছির উদ্দিন এর কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যান-কে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।” বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের একই ধারায় আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপনে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকের হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগ রয়েছে, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত জনপ্রতিনিধিরা অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় সহায়তা করেছেন। এর বিনিময়ে নগদ অর্থ গ্রহণ করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত জবাব দেবেন। তবে চেয়ারম্যান পদসহ সদস্যের পদে এখনো বিকল্প দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।