
নালিতাবাড়ী (শেরপুর) : শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহিত করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল বিতরণ করেন।
গতকাল সোমবার উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বাড়াতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।