
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি মেরামত এবং প্রয়োজনীয় স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরাপদ স্থানে স্থানান্তরের কথাও জানান।
গত রোববার (১২ জুলাই) জেলা প্রশাসক উপজেলার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় নৌকাযোগে মৃগী নদীর ভাঙনকবলিত স্থান এবং ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।