1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য সাময়িক বরখাস্ত নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেটসহ দেশের অন্তত ১৪টি জেলায় এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ, শিক্ষা বোর্ড ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনেকেই অংশ নিতে পারেননি, আবার প্রশ্নপত্রও সিলেবাসের বাইরে থেকে অত্যন্ত কঠিন করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্য করায় ক্ষমা না চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

সাভারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সাভারের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালক।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে মন্তব্য এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা দাবি করেন তারা।

প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

চট্টগ্রামে বিক্ষোভ ও শিক্ষাবোর্ড প্রশাসনকে স্মারকলিপি প্রদান

নগরীর ষোলশহর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। তারা অভিযোগ করেন পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ষোলশহর এলাকায় শহরের বিভিন্ন্ কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা নগরীর ২ নম্বর গেইটের কাছে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। পুলিশ সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত আছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মো. জহিরুল হক স্বপন বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বোর্ড প্রশাসনের কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করতে হবে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। এতে করে কয়েক কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সেখানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করা হলেও দাবী আদায়ে অনঢ় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তাদের দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরু করে। এতে করে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীন ১৪ রুটে বাস চলাচল বন্ধ থাকার পাশাপাশি বরিশাল থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা জানান, জরুরি চিকিৎসার জন্য ঢাকা রওয়ানা হয়ে বাস টার্মিনাল এলাকাতে দুই ঘন্টা যাবত আটক পড়ে থাকতে হয়েছে। এতে শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে রোগীদের নিয়ে তাদের স্বজনদের দিক-বিদিক ছুটাছুটি করতে দেখা গেছে।

পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টা ধরে এখানে আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাতে পারব, জানি না।’

খুলনা সড়ক অবরোধ ও বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভুল প্রশ্নপত্রে গত সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে খুলনার শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ২টার পর থেকে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ী মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিভোগের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায়।

ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে ‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’ এসময় ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’, ‘নিরাপত্তাই সবার আগে-আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইসহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে নগরের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। বেলা আড়াইটায় তারা মহাসড়ক ছেড়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে এক ঘণ্টা বিক্ষোভের পর তারা কর্মসূচি শেষ করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।

কুমিল্লায় শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। আজ বেলা সোয়া ১১টার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় তিন দফা দাবিতে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, মুরগি মুরগি, কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে কান্দিরপাড় থেকে মিছিল নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে তারা বিক্ষোভ করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ‘আমি একটি সভায় যোগ দিতে ঢাকায় এসেছি। শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ পালনের বিষয়টি আমার জানা নেই। শিক্ষা বোর্ড সচিবকে বিষয়টি খোঁজ নিয়ে দেখার জন্য বলছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বগুড়ায় সাতমাথা ব্লকেড

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা নগরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি সাতমাথা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঙ্গে দেখা করে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, গতকাল পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা। জেলা প্রশাসক দাবি আদায়ে সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়ায় শিক্ষার্থীরা বেলা একটা থেকে আবার সাতমাথা এলাকা ‘ব্লকেড’ করে বিক্ষোভ করেন।

বেলা তিনটার দিকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম (স্বাধীন) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারের নেতৃত্ব বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে নিয়ে তরা নগরে ভবনে যান। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলপাই এলাকায় গিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে তিনটা পর্যন্ত তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া ও পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-যমুনা সেতু মহাসড়কের শহর বাইপাসের নগর জলপাই এলাকায় গিয়ে অবরোধ করে। এতে যমুনা সেতুগামী লেনে যান চলাচল সোয়া এক ঘণ্টা বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়ে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে স্মারকলিপি দেন। এরপর শ্লোগান থামলেও বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিল।

সিলেটে অবস্থান কর্মসূচি

নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের সার্বজনীন শিক্ষার্থী’র ব্যানারে বেলা দুইটা থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর ফলে চৌহাট্টা থেকে জিন্দাবাজারমুখী সড়কের এক পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার। শিক্ষামন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় তারা তার পদত্যাগ দাবি করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌহাট্টা এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা সোয়া তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

কুড়িগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন

একই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। কর্মসূচিতে কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসান প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিকূল আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেননি। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি আছে। প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা এবং গতকাল পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের ব্যাপারে বাস্তবসম্মত সমাধানের দাবি জানান তারা।

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেল চারটায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফুয়াদ হাসান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু একেক বোর্ডে একেক রকম প্রশ্নে পরীক্ষা হচ্ছে। এটা বৈষম্য। ভয়াবহ বন্যায় চট্টগ্রাম বিপর্যস্ত। দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, বন্যা হয়েছে। সুনামগঞ্জেও পানি বেড়েছে। শিক্ষার্থীদের পরীক্ষায় যাতায়াতে সমস্যা হচ্ছে। এ অবস্থায় সব জায়গায় পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। শিক্ষামন্ত্রী কাজের চেয়ে কথা বেশি বলছেন। আগামীকাল বুধবার দুপুরে একই দাবিতে শহরের গার্লস স্কুল পয়েন্টে সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।

নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় জেলা শিক্ষা কার্যালয়ের সামনে ‘সব কলেজের সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এই দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ ও শিক্ষাসচিবকে অপসারণ করতে হবে। এ সময় আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রী নওগাঁ সফর করলে প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com