1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য সাময়িক বরখাস্ত নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঢাকা : টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এই অ্যাকশনে যায়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর আজ বিকেল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান। আসাদ গেট এলাকায় পুলিশ প্রথম দফায় ব্যারিকেড দিলেও বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সেটি ভেঙে দক্ষিণ প্লাজার প্রবেশমুখে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রথম দফায় সড়ক অবরোধ করেন ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজসহ ১৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ তুলে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ বাধা দিলে তারা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। দুপুরের পর আন্দোলনকারীরা আবার সায়েন্স ল্যাবে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন এবং বিকেল চারটার পর সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা শুরু করেন।

শিক্ষার্থীদের এই দীর্ঘ অবরোধের কারণে সায়েন্স ল্যাব, মিরপুর রোড ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাজধানীর বাইরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশাল ও ময়মনসিংহে মহাসড়ক অবরোধসহ কুমিল্লা ও বগুড়াতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিকেল ৫টার দিকে সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ ও ক্ষমা চাইতে হবে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান পরীক্ষা পুনরায় নিতে হবে এবং আগামীকালের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন শিক্ষার্থীবান্ধব রুটিন ও প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান ছিল অস্বাভাবিক কঠিন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে সময়মতো পৌঁছাতে পারেননি, অনেকের প্রবেশপত্র ভিজে নষ্ট হয়েছে।

সন্ধ্যায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর রাজধানীতে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে এসেছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com