
আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত শেরপুর জেলার খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সর্বোচ্চ দক্ষতার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জেলার জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা, প্রশিক্ষক ও জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়রা।
আয়োজকেরা জানান, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।