
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বুরুডুবি এলাকার কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি। ইতোমধ্যে খননকাজ শেষ হয়েছে। বর্তমানে খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের কাজ চলছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পের কাজের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী খাল পুনঃখননের ফলে জলপ্রবাহ স্বাভাবিক হওয়া, কৃষিকাজে সুবিধা এবং পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।