
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর শহরে প্রবেশ ও বের হওয়ার পথে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপে ভরা আমনকুড়া খাল এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপ দিতে ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
পৌরসভা সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার উদ্যোগে আমনকুড়া খালসংলগ্ন দীর্ঘদিনের অপরিচ্ছন্ন ও অবহেলিত এলাকাকে আধুনিক পৌর উদ্যানে রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে আমনকুড়া খালে জমে থাকা আবর্জনা শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। উদ্যান নির্মাণের মাধ্যমে এলাকাটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে রূপ নেবে।
তাঁরা আরও জানান, ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণ সম্পন্ন হলে এটি নগরবাসীর বিনোদন, হাঁটাচলা ও অবসর কাটানোর একটি উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।