
শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালুরচর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মনীষা আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।
এ সময় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, অ্যাডভোকেট খন্দকার মাহমুদুল হাসান মোতালেব, খন্দকার আব্দুল কাদের সোহেল, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।