
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার এক অসহায় বাক্প্রতিবন্ধী পরিবারকে দুই মাসের খাদ্যসহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুর’।
শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের উদ্যোগে পরিবারটির হাতে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের দাবি, এসব খাদ্যসামগ্রী পরিবারটির প্রায় দুই মাসের চাহিদা পূরণে সহায়ক হবে।
সংগঠন সূত্রে জানা যায়, পরিবারটির চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি জানতে পেরে সদস্যরা এই সহায়তার উদ্যোগ নেন।
এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রক্ত সৈনিক টিম শেরপুরের প্রতিষ্ঠাতা ও আনসার ব্যাটালিয়নের সিপাহি মনোয়ার হোসেন। এ ছাড়া নালিতাবাড়ী উপজেলার আনসার সদস্য মো. তানজিম ইসলাম, মোশারফ মিয়া, মোবারক হোসেন ও সাঈদ হাসানসহ সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন।
রক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুরের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।