
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রান্তিক মানুষের জন্য বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে রোগীদের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) উপজেলার বালুরচর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ.এস.এম. মাকিদুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।