
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ উপজেলার ২০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।
পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ২০৩ শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।