
শ্রীবরদী, শেরপুর : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে শেরপুরের শ্রীবরদীতে সরকারি উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
সভায় বক্তারা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। নির্বাচিতদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বক্তারা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে উপজেলার লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আলম তালুকদার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম রাজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়।