
বাংলার কাগজ ডেস্ক : বিকেলে বাবার দাফন শেষ করে রাতে বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইসমাইল ইকনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছে কৃষি ব্যাংক। পাশাপাশি তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।
সহায়তা পেয়ে ইকন ও তার পরিবার কৃষি ব্যাংক এবং গণমাধ্যমকে সব শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মারা যান। মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকা ইকনের সংগ্রামের গল্প কালবেলায় প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ তার শিক্ষা ও পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মঙ্গলবার (২২ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই দিন বিকেলে বাবার দাফন শেষ করে রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন। পরের দিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই সহানুভূতির হাত বাড়িয়ে দেন। চলতি বছরের মে মাস থেকে ইকন কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করেন। এর আগে পড়াশোনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন।