
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, গুজব ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নালিতাবাড়ী থানার উদ্যোগে ইউনিয়নের গোজাকুড়া নতুন কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি অপরাধসংক্রান্ত তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
মাদকসেবী ও মাদক কারবারিদের উদ্দেশে ওসি বলেন, “হয় মাদক ছাড়েন, নয় নালিতাবাড়ী ছাড়েন।” তিনি আরও জানান, যারা এখনো মাদকসেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের সংশোধনের জন্য ১০ দিনের সময় দেওয়া হচ্ছে। এরপর থেকে বিশেষ অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।
বৈঠকে আরও বক্তব্য দেন নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজামুল ইসলাম, বিট কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক এ এইচ এম শহীদ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব সোহেল রানা বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুস্তাফিজুর রহমান মাসুদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।