
শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামের আলমাছ আলীর ছেলে আব্দুল হান্নান (৩১), তাতিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল মিয়া (৪৬) এবং সাতানি শ্রীবরদী মহল্লার মাহবুবুর রহমানের ছেলে জিহাদ মিয়া (২২)। পুলিশের তথ্যমতে, জিহাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলমের নেতৃত্বে এসআই আব্দুল হাই ও এসআই মজিবুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শ্রীবরদী পৌর মার্কেটের সামনে এবং সাতানি শ্রীবরদী এলাকার পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীবরদী থানার ওসি মো. নুরুল আলম জানান, এ ঘটনায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।