
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শেরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভা। শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, আশপাশ পরিষ্কার রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।