
নালিতাবাড়ী (শেরপুর): ময়মনসিংহ রেঞ্জের জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুন মাসে নালিতাবাড়ী থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ওসি আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও সূত্রটি জানিয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।
প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘এ স্বীকৃতি শুধু আমার নয়, নালিতাবাড়ী থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সহযোগিতার ফল। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবার মান উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’