
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: দুর্যোগ মোকাবিলা, ত্রাণ কার্যক্রমের গতি বাড়ানো এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসন-১৫-এর সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) নাসরিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, ত্রাণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করে জনসেবার মান উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তরিকতা, জবাবদিহি ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসেবা কার্যক্রমকে আরও কার্যকর করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।