
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী থানার কার্যক্রম আরও গতিশীল করতে একটি নতুন পুলিশ পিকআপ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট ) সকালে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে পিকআপটির চাবি জেলা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে মরহুম ডা. সেরাজুল হকের ছেলে মো. মেজবাউল হক বাবু স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হাতে পিকআপের চাবি তুলে দেন।
এসময় শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়, ঝিনাইগাতী থানায় দীর্ঘদিন ধরে একটি পুলিশ পিকআপের প্রয়োজন ছিল। নতুন যানবাহনটি টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি সেবায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন পিকআপটি থানার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করবে।
এ সময় ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মরহুম ডা. সেরাজুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট সূত্রে জানা যায়, শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি গত প্রায় ২৫ বছর ধরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট।