
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখা। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং তথ্যপ্রাপ্তি সহজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রশাসনিক সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
জবাবে ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আইন ও বিধিমালার আলোকে প্রশাসন সবসময় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সমাজের বাস্তব সমস্যা, উন্নয়ন কার্যক্রমের সাফল্য ও সীমাবদ্ধতা নিরপেক্ষভাবে সংবাদে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আব্দুল কাদির ও জুয়েল রানা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ চঞ্চল, সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, জনকল্যাণবিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হলে জনসেবার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।