
আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ১৪১ নং সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন এবং উপস্থিতি বাড়াতে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিট করার নির্দেশ দেন।
রোববার (২ আগস্ট) বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে একটি কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানান এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।