
নালিতাবাড়ী (শেরপুর) : “মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস”, “খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও” এ প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে আলহাজ¦ আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট।
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে শনিবার (১ আগস্ট) এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধী ও গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুরুতে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে ও খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। এরপর জাতীয় সঙ্গীত, সামিউল হক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান, মাদকবিরোধী থিম সং পরিবেশন করা হয়। প্রথম দিনের খেলায় রামচন্দ্রকুড়া একাদশকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয় নালিতাবাড়ী একাদশ।