
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আফসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা আরিফ রাব্বানী।
বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিক সমাজ, বিশেষ করে পরিবহন খাতের শ্রমিকদের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুসিনা মো. জোবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান কবির।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।