
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ মাহবুব আলমের মা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত বিতর্কচর্চা শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্কের আয়োজন হওয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।