
শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে কুড়িকাহনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জু মিয়া (৪২) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার কুরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জু মিয়া কুরুয়া বাজার সংলগ্ন আকন্দবাড়ি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে। শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের নির্দেশনায় এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজের বড় ভাই সাদ্দাম হোসেন দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মঞ্জু মিয়া। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে অবস্থান করছিলেন।
শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে আদালতের মাধ্যমে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।