
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত অবস্থায় থাকা রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হালুয়াহাটি গ্রামে মৃত মনো মিয়ার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের পা মাটিতে ঠেকানো ছিল উল্লেখ করে একে পরিকল্পিত হত্যা বলে দাবী করেছে মৃতের পরিবার।
নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন বৃদ্ধ মোফাজ্জল হক। সকালে তার মেয়ে বাড়ির বাইরে গেলে বসতঘরের পাশে থাকা একটি গাছে বাবা মোফাজ্জলের মরদেহ অস্বাভাবিকভাবে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকদের ডাকাডাকি করেন।
তারা আরও জানান, ২০২২ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে মোফাজ্জল হকের ছেলে শেখবর আলীকে হত্যা করে জিকু গং। ওই হত্যা মামলার আসামিরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে হত্যা মামলাটি আপোষ করার জন্য বিভিন্নভাবে তাদের হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রতিপক্ষ মোফাজ্জল হককে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে বলে অভিযোগ তাদের।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্ত শেষে জানা যাবে।