
বগুড়া : বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন।