
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম নামে ১৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ আরো পাঁচজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধনাকুশা এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ধনাকুশা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত সিএনজি যাত্রী নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) ও ফুরকান হামিদ (৩০) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।