
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।
শনিবার (৮ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক পাচার করছে, এমন সন্দেহে রাত তিনটার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের আটক করেন স্থানীয়রা। পরে দুইজনকে ধরে একটি ঘরে আটক করে লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবাসহ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী। এ বিষয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।