
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জেলা প্রশাসনের নির্দেশনায় শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় বৃদ্ধ আজমত আলী ও তাঁর স্ত্রীকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
এই দম্পতিকে নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
পরে জেলা প্রশাসকের নির্দেশে শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজমত আলী ও তাঁর স্ত্রীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শহীদুজ্জামান, পিআইও অফিসের স্টাফ রায়হান রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আজমত আলী দম্পতির জন্য থাকার ঘরসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা অসহায় এই দম্পতির জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।