
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তের খাড়ামোড়া গ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে খাড়ামোড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় এবং স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
খাড়ামোড়া শুকতারা সিবিও সভাপতি তারসিলা রেমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মীর রুকুনুজ্জামান লাখু।
আলোচনা সভায় বক্তব্য দেন এলএমসি কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল, সুলভ দফো, অর্পি ম্রং ও মালা চিসিম প্রমুখ।
আলোচনায় বক্তারা আদিবাসীদের অধিকার রক্ষা, আত্মপরিচয়ের স্বীকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ঐতিহ্যগত জ্ঞান ও পরিবেশ সুরক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানের স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় আদিবাসী ধাত্রীদের প্রথাগত সেবার সম্মান ও মূল্যায়নের বিষয়েও আলোচনা করা হয়। পরে আদিবাসী শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে খাড়ামোড়া শুকতারা সিবিওর সদস্য, কমিউনিটির মানুষ, গ্রামবাসীসহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।