
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে শেরপুরে তৃতীয় সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের যোগনিমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিক।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড়, সমর্থক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।