
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলা (৫০) নামে প্রতিবেশি এক কৃষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক পাগলা ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ভুক্তভোগী কন্যাশিশু ও অভিযুক্ত রাজ্জাকের মাঝে প্রতিবেশি দাদা-নাতির সম্পর্ক ছিল।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে প্রতিবেশি রাজ্জাক পাগলা আট বছর বয়সী ওই কন্যাশিশুকে কোলে নিয়ে নিজের বসতঘরে যান। এসময় ঘরে কেউ না থাকার সুবাধে রাজ্জাক শিশুটিকে কোলে বসিয়ে পাশবিক কাজ করেন। পরবর্তীতে শিশুটির হাঁটার সময় কিছুটা অস্বস্তি অনুভব করলে পরিবারের লোকজন কারণ জানতে চান। এসময় শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনা খোলে বলে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে একপর্যায়ে রোববার মধ্যরাতে শিশুর নানী নকলা থানায় গিয়ে অভিযোগ করেন। রাতেই প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, রাতেই মামলা গ্রহণ করে ভোরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষা সম্পন্নের পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।