
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর সদর উপজেলা শাখা। সোমবার (১০ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের জীবনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের যথাযথ সম্মান না করলে ভবিষ্যতে সফল হওয়া কঠিন। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আনসারী।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।