
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে শেরপুর জেলা প্রশাসন। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এবং শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
ষমঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন খেলার কোচ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংবর্ধিত ক্রীড়াবিদেরা এর আগে ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের এ সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীকে খেলাধুলা ও শিক্ষায় আরও উৎসাহিত করবে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও নিয়মিত বই পড়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।