
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলায় কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার দিয়ারচর-চকিদারবাড়ি মোড় এলাকার একটি কলার আড়ত পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি উপস্থিত কলাচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে জেলা প্রশাসক সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনীষা আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-অহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসের বিভিন্ন সেবার মান ও রেজিস্ট্রার যাচাই করেন। পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।