
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্ম স্মরণ করে শিল্পীরা সংগীত, কবিতা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। আয়োজনের মধ্য দিয়ে বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অনন্য অবদান স্মরণ করা হয়।