
নালিতাবাড়ী (শেরপুর) : “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এ দুই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘বিশগিরিপাড়া সচেতন নাগরিক সমাজ (বিসিসিএস)’ এর কার্যালয় উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে স্থানীয়রা।
সংগঠনের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সমাবেশে সংগঠনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, ফজলুল হক দেলোয়ার, ওসমান গণি, আক্তার হোসেন, সাইজ উদ্দিন, মাহবুব আলম, আবেদ আলী ও রাসেলসহ মাদকবিরোধী সংগঠনের অন্যান্য নেতৃবন্দ বক্তব্য রাখেন। এসময় তারা সকল দলমতের উর্ধে থেকে এলাকায় মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেন।
আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জানানো হয়, ইতিমধ্যেই মাদকবিরোধী কর্মকাÐে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সম্প্রতি দুই ছাত্রদল নেতাকে মাদকসহ ধরে পুলিশে সোপর্দ করেছেন। সমাবেশ শেষে মাদকবিরোধী কর্মকাণ্ডে সফল অংশগ্রহণের জন্য তিন যুবককে পুরস্কৃত করা হয়।